দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরে ঝড়ো হাওয়ায় একটি চারতলা ভবনের ছাদের কার্নিশের দেয়াল ভেঙে নিচের টিনশেড ঘরের ওপর পড়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার (২৭ মে) সকালে শরীয়তপুর পৌরসভার আদর্শনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা শরীয়তপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, প্রায় ১০ বছর আগে এলাকায় চারতলা ভবনটি নির্মাণ করা হয়। পরে ভবনের ছাদের চারপাশে ইটের কার্নিশের দেয়াল তোলা হয়। বুধবার সকালে ঝড়ো হাওয়ার সময় দেয়ালটির একটি অংশ নিচের টিনশেড ঘরের ওপর ধসে পড়ে। এতে ঘরের চালা ভেঙে যায় এবং ভেতরে থাকা বাসিন্দারা আহত হন।
ভুক্তভোগীদের অভিযোগ, দেয়ালটি অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছিল। এ বিষয়ে ভবন মালিককে একাধিকবার সতর্ক করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, কার্নিশের দেয়ালটি যথেষ্ট মজবুত ছিল না এবং সেটি কোনো পিলারের সঙ্গে সংযুক্ত ছিল না। তাদের দাবি, নির্মাণ ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ভবনটিতে এখনও ঝুঁকি রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
এদিকে ভবন মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।
জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস পরিদর্শক শংকর বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদের দেয়ালটি মজবুতভাবে নির্মাণ করা হয়নি। অপরিকল্পিত নির্মাণের কারণেই বাতাসের চাপে সেটি ভেঙে পড়েছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দীর্ঘদিন ধরে ছাদের দেয়ালটি অরক্ষিত অবস্থায় থাকায় ঝড়ে ধসে পড়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শরীয়তপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী বলেন, ঘটনাটি সরেজমিনে তদন্ত করে দেখা হবে। অপরিকল্পিত নির্মাণের প্রমাণ মিললে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/